আগৈলঝাড়ায় মনসা মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৮:৩৬:৫৪


Photo- Agailjhara 17-08-16বরিশালের আগৈলঝাড়ার গৈলায় মনসা মঙ্গল কাব্যগ্রন্থ প্রণেতা, মধ্যযুগীয় প্রখ্যাত কবি বিজয় গুপ্ত প্রতিষ্ঠিত উপমহাদেশের খ্যাতনামা মনসা মন্দিরে দেবীর বাৎসরিক পূজা আজ (বুধবার) অনুষ্ঠিত হয়েছে।

৫শ’ ২২বছর আগে কবি বিজয় গুপ্ত কর্তৃক মন্দির প্রতিষ্ঠা ও পদ্মপুরাণ বা মনসা মঙ্গল কাব্যগ্রন্থ রচনার পর থেকেই পঞ্জিকামতে প্রতিবছর বাংলা শ্রাবণ মাসের শেষদিনে মহা ধুমধামের সাথে মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশী-বিদেশী নারী-পুরুষসহ বিভিন্ন ধর্মাবলম্বী হাজারো ভক্ত তাদের মানত ও পূজা দিতে সকাল থেকেই মন্দির অঙ্গনে জড়ো হয়।

দেবী মনসার মন্দিরে বাৎসরিক পূজা উপলক্ষে সকাল ৭টায়, দুপুর ১টায় ও বিকেল ৪টায় তিন দফায় পূজা অর্চনা, ভোগরাগ, ছাগ বলিদান ও ভোগের প্রসাদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনের আশেপাশে বিভিন্ন ধরণের উপকরণ ও তৈজসপত্র নিয়ে বসেছে গ্রামীণ মেলা।

উপজেলা রাজিহার গ্রামের চলাইরপাড় শুকদেব বিশ্বাসের বাড়িতে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মন্দির ও সকল হিন্দু ধর্মাবলম্বীর বাড়িতে মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো