বঙ্গবাহাদুরের মৃত্যুতে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশ: ২০১৬-০৮-১৮ ১৭:৩৫:০৮


Eliphentবানের জলে ভেসে আসা হাতি বঙ্গবাহাদুরের মৃত্যুর ঘটনায় এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি এবং এক কোটি টাকা ক্ষতিপুরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।

ইউনুছ আলী আকন্দ বলেন, জড়িতদের শাস্তি ও এক কোটি টাকা ক্ষতিপূরণের পাশাপাশি একজন বিচারপতির নেতৃত্বে মৃত্যুর ঘটনায় তদন্ত চাওয়া হয়েছে। সংবিধানের ১৮ (ক) অনুচ্ছেদ অনুসারে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা চাওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে রিটকারী আইনজীবী জানান, এই হাতিটি রক্ষার দায়িত্ব যাদের কাছে ছিল, সেসব কর্মকর্তা-কর্মচারীদের কাছে থেকে এই এক কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেবার আবেদন করেছেন তিনি।

রিটে মৎস ও পশু সম্পদ, বন ও পরিবেশ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এবং জামালপুরের জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

এর আগে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের এই আইনজীবী হাতি মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে লিগ্যাল নোটিশ পাঠান। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পাওয়ায় রিট আবেদন করা হয়।

গত ২৬ জুন বন্যহাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে শেষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে গত ১৬ আগস্ট মারা যায়।