ফরিদপুরের শ্রমিক হত্যার দায় প্রশাসনকেই নিতে হবে: মাওলানা মাসউদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-০১ ১৭:৩০:২০
ফরিদপুরের শ্রমিক হত্যার দায় প্রশাসনকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
বুধবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে মিরপুর-১০ গোলচত্বর আয়োজিত শ্রমিক সমাবেশ ও র্যালীতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ফরিদপুরের শ্রমিক হত্যার ঘটনায় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাইয়ের দেওয়া এক সপ্তাহের আলটিমেটামের আজ শেষ দিন। আজকের মধ্যে যদি হাফেজ দুই সহোদরের হত্যাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হয়, তাহলে ৩ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, ১ মে শ্রমিক দিবসের সব শ্রমিকদের অঙ্গীকার করতে হবে যেকোনো ধরনের শ্রমিক হত্যার বিচার অবশ্যই করতে হবে। এতে কোনো তালবাহানা বরদাশত করা হবে না।
শেখ ফজলে বারী মাসউদ বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে মালিক যেমন তার অধিকারও সুযোগ-সুবিধা পাবে। শ্রমিকও তার পূর্ণ অধিকার লাভ করবে। শ্রমিকদের রক্ত চুষে, ঠকিয়ে, বেতন-ভাতা না দিয়ে কেউ বেগম পাড়ায় বাড়ি করতে পারবে না।
নগর পশ্চিমের সভাপতি শ্রমিক নেতা কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র্যালীতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা গোলাম কিবরিয়া, মোহাম্মদ সাইফুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তফা আল মামুন, আমিরুল হক প্রমুখ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














