বারবার বসুন্ধরা সিটিতে আগুন কেন: আনিস

প্রকাশ: ২০১৬-০৮-২১ ১৬:২২:৫০


Anisসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বসুন্ধরা সিটির কর্মকর্তাদের উদ্দেশে তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনাদের এখানে বারবার আগুন কেন লাগে?’

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বহুতল শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সেসময় সংবাদকর্মীরা মেয়রের কাছে অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমিও জানতে চাই, বার বার কেন তাদের মার্কেটে আগুন লাগে। এই পর্যন্ত তিন বার এই মার্কেটে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খানকে মেয়র জিজ্ঞাসা করেন, আগুন নেভানোর কাজে কোনো হেলিকপ্টার লাগবে কি না। এর উত্তরে মহাপরিচালক জানান, হেলিকপ্টারের বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়তে পারে। ফলে হেলিকপ্টার এখন দরকার নেই।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সংবামাধ্যমকে জানান, ধোয়ার কারণে আগুন নিয়ন্ত্রনে সমস্যা হচ্ছে। এ জন্য লেভেল-৬ এর কাঁচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। ঘটনার পরপর মার্কেটের সব লিফট বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ছয়ে আগুন লাগে। সকাল ১১টা ২৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এই সময় আতঙ্কিত হয়ে বিভিন্ন দোকান থেকে ক্রেতা ও বিক্রেতারা দ্রুত বেরিয়ে আসেন।

এদিকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে।

আগুন লাগার পর বসুন্ধরা সিটির সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শপিংমলের আশপাশে হাজারো মানুষ জড়ো হয়েছেন। নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বলা হচ্ছে।

এর আগেও রাজধানীর অন‌্যতম এই শপিংমলে ২০০৯ সালের ১৩ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই অগ্নিকাণ্ডে সাত জন নিহত হন।

সানবিডি/ঢাকা/এসএস