চামড়া ব্যবসায়ীদের ঋণ পেতে সুপারিশ করা হবে: শিল্পমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১২ ১৩:২৬:৩২


আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ পেতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রোববার (১২ মে) রাজধানীর শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী বলেন, বাড়তি চাপ হবে না। আমরা পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে ট্যানারি শিল্প।

তিনি বলেন, যেহেতু সামনে কোরবানি, ব্যবসায়ীদের আর্থিক অবস্থাও খুব ভালো না। এক্ষেত্রে ক্যাপিটাল শর্টফল যাতে না হয় সে বিষয়ে আমরা বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি ইস্যু করব। যাতে আগামী ৭ থেকে ৮ মাসের জন্য অর্থ সহায়তা পান তারা। আর ব্যাংকের চলমান ঋণ থাকবে ব্যাংকের পলিসি অনুযায়ী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিএইচ