বজ্রপাত প্রতিরোধে সহায়তা করবে ফ্রান্স: ফ্রান্সের রাষ্ট্রদূত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৩ ১৪:২৪:৫৩


বাংলাদেশে বজ্রপাত প্রতিরোধে প্রযুক্তি জ্ঞান বিনিময় ছাড়াও যন্ত্র স্থাপন, বজ্রপাত নিরোধী অবকাঠামো নির্মাণ ও প্রশিক্ষণ প্রদানে ফ্রান্স সহায়তা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

সোমবার (১৩ মে) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করাসহ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, বজ্র নিরোধক প্রযুক্তি সুলভ ও ব্যাপকভিত্তিক করতে গবেষণা এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে প্রযুক্তি বিনিময় ও হস্তান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিএইচ