নরসিংদীতে ধর্ষণ মামলায় ছয় জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৬-০৮-২৩ ২০:২৯:২১


আদালতনরসিংদীতে নারী শ্রমিককে ধর্ষণ মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার বিকেলে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শামীম আহম্মদ এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পলাশ উপজেলার বাগপাড়া গ্রামের মো. কুদ্দুছ আলীর ছেলে আশিকুর রহমান (৩৫), তাজুল ইসলামের ছেলে ইলিয়াছ (২১), সিরাজ শেখের ছেলে রুমিন (২০), হানিফার ছেলে রবিন (২২), মন্টু মিয়ার ছেলে ইব্রাহিম (২২) ও আব্দুস ছালামের ছেলে আ. রহমান (২৪)।

এর মধ্যে আশিকুর, ইলিয়াছ, রুমিন ও রবিনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অপরদিকে ইব্রাহিম ও আব্দুর রহমানকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের পাশাপাশি সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।

জানা যায়, ২০১৩ সালের ২৩ মে পলাশের বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির এক নারী শ্রমিক কাজ শেষে কারখানার মেসে ফিরছিলেন। এ সময় জনতা জুটমিলের সামনের সড়কে পৌঁছলে আসামিরা ওই নারী শ্রমিককে জোরপূর্বক ধরে নির্জন স্থানে নিয়ে যায়। পরে আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

এ সময় এক আসামি তার মোবাইলে ওই শ্রমিককে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। পরে হুমকি দিয়ে ওই নারী শ্রমিককে অসুস্থ অবস্থায় ফেলে যায় তারা। এ ঘটনায় প্রাণ আরএফএল কোম্পানির এক কর্মকর্তা বাদী হয়ে ছয়জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

সানবিডি/ঢাকা/আহো