‘পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে বিএনপি’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-১৯ ২০:০০:৪৩


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। রোববার (১৯ মে) দলের সভাপতি শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙ্গে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ গড়ার পথ বাস্তবায়ন করতে হবে। তারা নির্বাচনে না এসে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।

তিনি বলেন, ১৭ মে ১৯৮১ সাল থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু হয়েছিল যা আজও চলছে।

এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখনও প্রধানমন্ত্রী ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হয়ে সব নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সোনার বাংলা গড়ার পরিকল্পনা বঙ্গবন্ধু ঠিক করে দিয়েছিলেন আর সেগুলো বাস্তবায়ন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ম্যাজিকে বাংলাদেশ এখানে পৌঁছেছে। সামনে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাতে হবে আমাদের। বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে, তার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে।

তিনি আরও বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (কৃত্রিম বুদ্ধিমত্তা) যুগের ইতিবাচক ব্যবহার করতে হবে, নির্বাচন নিয়ে ভুল বোঝাবুঝি থাকলেও সব ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নতির সুফল শুধু আওয়ামী লীগের সমর্থক না, সবাই ভোগ করছে।

এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকা জেলার আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএইচ