মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা দেবে সরকার

প্রকাশ: ২০১৬-০৮-২৪ ১৮:৩৮:৩৪


rajমায়েদের হাতে বিনামূল্যে টেলিটক সিম বিতরণ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেবে সরকার।

টেলিটকের ‘মায়ের হাসি’ নামে নতুন এই সেবায় রূপালী ব্যাংকের শিওরক্যাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে প্রান্তিক পর্যায়ে শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তির অর্থ প্রদান করা হবে। এজন্য টেলিটক এবং রূপালী ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের উপস্থিতিতে বুধবার (২৪ আগস্ট) বিকেলে এই চুক্তি সই হয়।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ এবং রূপালী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী চুক্তি সই করেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ এবং টেলিটক ও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/আহো