লালপুরে নৌকাডুবি: ৫ জনের মরদেহ উদ্ধার
প্রকাশ: ২০১৬-০৮-২৪ ১৯:০৯:০১
নাটোরের লালপুরে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৬ জনের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ৪ জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে বেলাল হোসেন নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছিল। বুধবারে যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয় তারা হলেন- জামাল হোসেন, আরজেদ আলী, চান্দের আলী ও ভাষান আলী।
মঙ্গলবারে নৌকাডুবির ওই ঘটনায় নিখোঁজ হওয়া ৬ জনের মধ্যে মহরকয়া গ্রামের নচিমুদ্দিনের ছেলে জামরুল ইসলাম জীবিত অবস্থায় ফিরে এসেছে। ফলে ৫ জনের মরদেহ উদ্ধার হওয়ায় বুধবার বেলা ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।অভিযানে বেলা ১১টার দিকে লক্ষীপুর বালুরঘাট এলাকা থেকে চকবাদকৈইয়া গ্রামের লালচাদ আলীর ছেলে জামাল হোসেন, বেলা ১২টার দিকে মহরকয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আরজেদ আলী, দুপুর আড়াইটার দিকে মৃত রহমান আলীর ছেলে চান্দের আলী এবং বেলা ৩টার দিকে মহরকয়া গ্রামের তালুকদারের ছেলে ভাষান আলীর লাশ উদ্ধার করা হয়।
রাজশাহী ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার ওমর ফারুক জানান, দ্বিতীয় দিনের (বুধবার)উদ্ধার অভিযানে মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিখোঁজ ৬ জনের মধ্যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হল। তবে একজন জীবিত অবস্থায় ফিরে আসায় নিখোঁজ আর না থাকায় ৩টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তাৎক্ষনিকভাবে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই হাজার করে টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অনুদান পেলে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লালপুর উপজেলার পদ্মা নদীর বিলমাড়িয়া ঘাট থেকে ৫০ জনের মতো কৃষি শ্রমিক নিয়ে একটি নৌকা পলাশির চরে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীর কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও জেলেরা নৌকা নিয়ে গিয়ে অনেককে উদ্ধার করে। কেউ কেউ সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় ৬ জন।
পরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দিনভর উদ্ধার অভিয়ান চালিয়ে কম্প প্রামানিকের ছেলে বেলাল হোসেনের লাশ উদ্ধার করে। এদিকে, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে পদ্মা নদীতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













