আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না: নুর

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২২ ১৫:৪১:৪৮


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না, নিজেদের অধিকার আদায়ের আন্দোলন নিজেদের করতে হবে।

বুধবার (২২ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত ‘ধারাবাহিক প্রহসনের নির্বাচন ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে দেশ যেমন ছিল, আজ তার কন্যার হাত ধরে দেশ সেদিকে যাচ্ছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি। বিরোধীদলের কৌশল, দূরদর্শীতার অভাবে আওয়ামী লীগ এখনো ক্ষমতায় বসে আছে। বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়ার দ্বারপ্রান্তে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্য কোনো দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই। গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে। ছোট-বড় সব দলকে নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করতে হবে। দেশকে বাঁচাতে হবে।

দুদু আরও বলেন, দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে এখন আর গণতন্ত্র নেই। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, ইসলামী ঐক্য জোটের প্রেসিডেন্ট মো. শওকত আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএইচ