সিলেট থেকে ছেড়ে গেল বিমানের হজ ফ্লাইট
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৪-০৫-২২ ২০:২৮:১২
সিলেট থেকে হজ ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইট সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের নিয়ে পবিত্র মদিনার উদ্দেশে যাত্রা করেছে।
বুধবার (২২ মে) বিকেল পৌনে ৫টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮৯ যাত্রী নিয়ে মদিনায় গেল বিমানের প্রথম হজ ফ্লাইট।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) আল মাসুদ খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














