পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: পাটমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-২৩ ১৪:৫৪:৪৫
বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী চান সোনালী আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে।
বুধবার (২২ মে) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলার পাটচাষি, মিলমালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন নানক।
তিনি বলেন, এ জন্য পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে হবে। দেশে ছয় হাজার মেট্রিক টন পাটবীজ প্রয়োজন, অথচ উৎপাদন হয় মাত্র এক হাজার ৫০০ মেট্রিক টন। বাকি সাড়ে চার হাজার মেট্রিক টন বীজ ভারত থেকে আমদানি করতে হয়। কাজেই ব্যাপকভাবে পাটবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে।
নানক বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যমূলক ব্যবহার আইন-২০১০’, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যমূলক ব্যবহার বিধিমালা-২০১৩’ এবং ‘পাট আইন-২০১৭’ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। দিনাজপুরসহ চাল উৎপাদনকারী ১৮টি জেলার চালকলসমূহে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতকরণে কঠোর নজরদারি দেয়া হবে।
জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, পাট অধিদফতরের মহাপরিচালক জিনাত আরা।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














