মারা গেলেন বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী মুহিতুল

প্রকাশ: ২০১৬-০৮-২৫ ১৯:২৯:৩৪


akbarবঙ্গবন্ধু হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর বছর। মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা সানজিদা বিলকিস (বাঁধন) ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রয়াত মুহিতুল ইসলামের নাতি আসিফুর রহমান জানান, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।’ তার মরদেহ যশোরের মনিরামপুর থানার কাশিমপুর নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬৩ বছর বয়েসী মুহিতুল ইসলাম সম্প্রতি কিডনির সমস্যা নিয়ে বিএসএমএমইউ’র নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলমের অধীনে ভর্তি হন। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের আইসিইউতে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হয়। ফের অবস্থার অবনতি হলে গত ২৬ জুলাই তাকে আইসিইউতে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রসঙ্গত, মুহিতুল ইসলাম ১৯৯৬ সালের ১০ ফেব্রুয়ারি বাদী হয়ে ধানমণ্ডি থানায় বঙ্গবন্ধু হত্যার মামলা দায়ের করেন। মামলায় মোট আসামি ছিলো ২০ জন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় তিনি ধানমণ্ডির ওই বাড়িতেই ছিলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বাধা কেটে যাওয়ার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মামলা করেন মুহিতুল। বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির মৃত্যুদণ্ড ইতোমধ্যযে কার্যকর হয়েছে। তবে দণ্ডিত বেশ কয়েকজন এখনও পলাতক।

সানবিডি/ঢাকা/আহো