গৃহস্থালি কাজে নারীদের অবদান জিডিপিতে অন্তর্ভুক্ত করা হবে: অর্থ প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৫-২৬ ১৭:৩০:২৩


অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, যেসব নারীরা গৃহস্থালি কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের অবদানকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা হবে। এ ব্যাপারে সরকার আন্তরিক এবং সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার (২৬ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘রিকগনিশন অব আনপেইড কেয়ার ওয়ার্ক: এ স্টেপ টুওয়ার্ডস ফিন্যান্সিয়াল অ্যান্ড সোশ্যাল এমপাওয়ারমেন্ট অব ওমেন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার জাতীয় অর্থনীতিতে নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণের বিষয় বিবেচনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতোমধ্যে বিবিএস টাইম ইউজ সার্ভে ২০২১ প্রকাশ করেছে। বিআইডিএস নারীদের গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্য নির্ধারণে গবেষণা করছে।

তিনি বলেন, গৃহস্থালি কাজে নারীদের অবদানের স্বীকৃতির বিষয়ে অবহেলা শুধু বাংলাদেশেরই নয়, সারাবিশ্বেরই সমস্যা। গৃহস্থালি কাজের মর্যাদা অবশ্যই গুরুত্বপূর্ণ। নারীরা ঘরে থেকেও অর্থনীতিতে অবদান রাখছেন। তাদের স্বীকৃতির প্রয়োজন।

ওয়াসিকা আয়শা খান বলেন, গৃহস্থালি কাজে নারীদের অংশগ্রহণ জিডিপিতে অন্তর্ভুক্তকরণ অন্য দেশে না হলেও, বাংলাদেশ এক্ষেত্রে রোলমডেল হতে পারে। কারণ গৃহস্থালি কাজের মূল্য জিডিপির বাইরে রাখার কোন কারণ নাই। যে সকল লেনদেন টাকায় হয়ে থাকে, সেগুলো বর্তমান হিসাব পদ্ধতিতে জিডিপিতে অন্তর্ভুক্ত হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে গৃহস্থালি কাজের আর্থিক মূল্য কোন পদ্ধতি বা কিভাবে প্রকাশ করা যেতে পারে, সে বিষয়ে বিবিএস, বিআইডিএস বা গবেষণা প্রতিষ্ঠানসমূহ মতামত তুলে ধরতে পারে। এ বিষয়ে আরও কাজ করার সুযোগ রয়েছে। গৃহস্থালি কাজের অর্থনৈতিক মূল্যায়ন ও স্বীকৃতি নারীদের আর্থিক খাতে অন্তর্ভুক্তি, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং জেন্ডার সমতা নিশ্চিত করবে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর রূপান্তরকারী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। কমিউনিটি ক্লিনিক ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। বেড়েছে গড় আয়ু, কমেছে শিশু ও মাতৃমৃত্যু হার।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি মিজ গীতাঞ্জলী সিং, পিপিআরসির নির্বাহী পরিচালক হোসেন জিল্লুর রহমান।

সেমিনারে মতামত তুলে ধরেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক সালেহা বিনতে সিরাজ, বিআইডিএসএর পরিচালক কাজী ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী।

এছাড়াও সেমিনারে উন্নয়ন সহযোগী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএইচ