সড়ক দুর্ঘটনায় জাবি ছাত্র নিহত
প্রকাশ: ২০১৬-০৮-২৬ ১৯:৫৭:৩০
সাভারে দ্রুত গতির একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যাওয়া পর কাভারভ্যানের চাপায় পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম তুষার (২৭) নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়াকের ডেইরী গেট এলাকায় যুব উন্নয়ন ইন্সটিটিউটের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুলের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার উসমানগঞ্জ গ্রামে। সে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৩৮ তম ব্যাচের ছাত্র এবং জাবি ছাত্রদল শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহিদুল একটি বিআরটিসি বাসের গেটে দাড়িয়ে নবী নগর থেকে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। যুব উন্নয়ন ইন্সটিটিউটের সামনের সড়কে শহিদুলকে বহনকারী বাসটিকে ওভারটেক করে দ্রুতবেগে যাওয়ার সময় ‘ইতিহাস পরিবহনে’র একটি বাসের ধাক্কায় শহিদুল বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। একইসময় অন্য একটি কাভারভ্যান রাস্তায় পড়ে যাওয়া আহত শহীদুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত শহীদুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে তার মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখার জন্য জাবি শিক্ষার্থীরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীনুল কাদির জানান, নিহতের মরদেহটি তার গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি এ ঘটনায় আশুলিয় থানায় একটি মামলা দায়ের করে বাস-কাভারভ্যান চালকদের আটকের চেষ্টা চলছে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













