হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদে ডেঙ্গুর প্রকোপ বাড়বে: মেয়র আতিক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২৪-০৫-২৮ ১৫:৪৬:৫২


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদের কারনে আগামী কয়েক মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়বে।

মঙ্গলবার (২৮ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ‘৮ম আরবান ডায়ালগ-২০২৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী কয়েক মাস এমন রোদ-বৃষ্টির আবহাওয়া থাকবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদফতর। এ ধরনের আবহাওয়া এডিস মশার বংশবৃদ্ধির জন্য উপযোগী। এসময়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আতিক বলেন, রাজধানীর খাল গুলোতে মশার চাষ করা হয়। খালে এমন কোনো ময়লা নেই যা ফেলা হয় না। বিগত কয়েক মাসে রাজধানীর খাল পরিষ্কার করে অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। ফ্রিজ, টিভি, জাজিম, বাথটাব, এমনকি পরিত্যক্ত রিকশা পর্যন্ত খালে ফেলা হয়েছে। এসব খালে অভিজাতদের বাড়ির পয়ঃনিষ্কাশন বর্জ্য ফেলা হয়। বর্জ্য ফেলে বদ্ধ হয়ে যাওয়া খালে জন্ম নেয় এডিস মশা, প্রাদুর্ভাব দেখা দেয় ডেঙ্গুর।

বিএইচ