ঈদযাত্রায় রেলের সব টিকিট অনলাইনে বিক্রি হবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৮ ১৮:৪৯:১৯


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২ জুন। রেলের অগ্রিম টিকিটের সবই অনলাইনে বিক্রি করা হবে। তবে অতিরিক্ত যাত্রীর চাহিদার কথা মাথায় রেখে ট্রেনের মোট সাধারণ আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করবে রেলওয়ে। ট্রেন ছাড়ার দিন স্টেশনের কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে স্ট্যান্ডিং টিকিট।

মঙ্গলবার (২৮ মে) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

সংবাদ সম্মেলনে রেলওয়ে জানায়, একজন যাত্রী ঈদে অগ্রিমযাত্রা ও ফেরতযাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একজন যাত্রী সর্বাধিক ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। তবে এই ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

রেলওয়ে আরও জানায়, টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রতিবার টিকিট কেনার সময় নিবন্ধন করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। ওই ওটিপি নম্বর দিয়েই টিকিট নিশ্চিত করা হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭, ১৮ ও ১৯ জুনের টিকিট বিক্রি করা হবে।

আগামী ১২ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ২ জুন এবং ১৩ জুনের অগ্রিম টিকিট মিলবে ৩ জুন। ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৬ জুন।

এছাড়া ২০ জুনের ফেরতযাত্রার টিকিট মিলবে ১০ জুন। ২১ জুনের টিকিট ১১ জুন, ২২ জুনের টিকিট ১২ জুন, ২৩ জুনের টিকিট ১৩ জুন এবং ২৪ জুনের ফেরতযাত্রার অগ্রিম টিকিট মিলবে ১৪ জুন।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে নির্দিষ্ট দিন সকাল ৮টায়। এছাড়া পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

অনলাইনে রেলের টিকি বিক্রি নিয়ে সহজ ডটকমের নানান অনিয়মের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরে জবাবে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, সহজ ডটকমকে আমরা আগেই সতর্ক করেছি। তাদের বিষয়ে আমাদের কাছেও অনেক অভিযোগ এসেছে। সংসদীয় কমিটিও এ বিষয়ে কথা বলেছে। এবারের ঈদযাত্রার পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বিএইচ