ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের শোক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৮ ২০:৫৭:০২


উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শোক প্রকাশ করেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর আঘাতে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ২১ জনের মর্মান্তিক মৃত্যু, ৪০ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, ১ লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ প্রকাশ করছি। এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি ধ্বংস, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদি পশু, ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড়ে এত মানুষের প্রাণহানির খবরে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাকত ও মর্মাহত। এ মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগ ও হৃদয়বিদারক ঘটনায় দুঃখ প্রকাশের ভাষা আমার জানা নেই। এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করেই টিকে থাকে। যুগ যুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নতুনভাবে সামনের দিকে এগিয়ে গেছে। আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা—বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, তিনি যেন ঘূর্ণিঝড় কবলিত সহায়—সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষদের কষ্ট সইবার ক্ষমতা দান করেন।

উপকূলীয় অঞ্চলের মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ৪০ লাখ মানুষকে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অবিলম্বে উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জোর আহ্বানও জানান মির্জা ফখরুল।

বিএইচ