রেমালে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৯ ১৮:৫৬:৫২


স্থানীয় সরকার, পল্লী ও উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঘূর্ণিঝড় রেমালে দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষয়ক্ষতির ব্যাপারে সরকার খোঁজখবর নিচ্ছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে জরুরি ভিত্তিতে তহবিল বরাদ্দ দেয়া হচ্ছে। শিগগিরই এসব অবকাঠামো সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে।

বুধবার (২৯ মে) দুপুরে রাজধানীর ব্র্যাক ইন-এ ‘বিরোধ মীমাংসা (পৌর এলাকা) বোর্ড আইন, ২০০৪ সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেয়ার পর এ তথ্য জানান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমালে রাস্তাঘাটসহ ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামোর পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় তহবিল বরাদ্দের উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই এসব কাজ শুরু হবে।

এর আগে, রোববার (২৬ মে) দিবাগত রাতে দেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘রেমাল’। এ সময় প্রবল বৃষ্টি ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলীয় বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনসহ অন্যান্য অবকাঠামো।

মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন ও বাংলাদেশ পৌরসভা সমিতির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

সেমিনারে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট খান মোহাম্মদ শহীদ, বাংলাদেশ পৌরসভা সমিতির সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ উপস্থিত ছিলেন।

বিএইচ