জলবায়ু প্রতিশ্রুতি পূরণে উন্নত বিশ্বের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-২৯ ১৯:৪৯:০৮
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ও স্বাস্থ্যসমস্যা সমাধান করতে বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ ব্যাপারে উন্নত দেশগুলোর প্রতি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণের আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী।
বুধবার (২৮ মে) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ক্লাইমেট এন্ড হেলথ ফাইন্যান্স ডায়লগের ‘কান্ট্রিড্রাইভেন ক্লাইমেট হেলথ একশনস এন্ড ফাইন্যান্সিং নিডস” শীর্ষক ২ সেশনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলো জলবায়ু অর্থায়নের অভাবে রয়েছে। প্রতিবার উন্নত দেশগুলো প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে না।
মন্ত্রী বলেন, পর্যাপ্ত অর্থায়ন ছাড়া জলবায়ু ঝুঁকি মোকাবিলা করা বাংলাদেশের জন্য কষ্টসাধ্য। এই অর্থবছরে, বাংলাদেশ সরকার অভিযোজনের জন্য ৩.৫ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যার মধ্যে স্বাস্থ্যও অন্তর্ভুক্ত। আমাদের বার্ষিক প্রয়োজন প্রায় ৯ বিলিয়ন ডলার। বাকি অর্থের জন্য আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন।
সাবের চৌধুরী বলেন, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারছি না কারণ প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলো সবসময় অপূর্ণ থাকছে। আমরা জলবায়ু পরিবর্তনকে আরও খারাপ হতে দিতে পারি না। এজন্য বায়ুতে কার্বন নির্গমন কমাতেই হবে।
তিনি বলেন, অভিযোজনের সীমা রয়েছে। যদি আমরা আমাদের নির্গমন নিয়ন্ত্রণ না করি, তবে আমরা আরও গভীর চ্যালেঞ্জের মুখোমুখি হবো।
মন্ত্রী আরও বলেন, তাপপ্রবাহ স্বাস্থ্য ব্যবস্থার ওপর মারাত্মক চাপ সৃষ্টি করছে। উত্তরে হিন্দুকুশ হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে, আমরা গলিত হিমবাহ এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত মধ্যে চাপে রয়েছি। জলবায়ু পরিবর্তন স্বাস্থ্য ছাড়াও পানিসম্পদ, পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নারীর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। লবণাক্ততার অনুপ্রবেশ মহিলাদের জন্য গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করছে, যার মধ্যে রয়েছে কিডনির সমস্যা, শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপ।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














