ঈদযাত্রায় একদিন একটু কষ্ট হলে কী আসে-যায়: ওবায়দুল কাদের

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৫-৩০ ২১:৩৩:০৮


ঈদযাত্রায় যানজটের ভোগান্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কিছুটা ক্ষোভ ঝেড়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একদিন একটু সমস্যা হোক না, হোক। বাড়ি যাবে আনন্দ করে (ঈদযাত্রীরা), সেখানে একদিন না হয় একটু কষ্ট হলোই, তাতে কী এমন আসে-যায়?

বৃহস্পতিবার ( ৩০ মে) দুপুরে রাজধানীর বনানীর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়কপথে ঈদযাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে করণীয় নিয়ে সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যানজট ও দুর্ঘটনা নিয়ে লেখালেখি হলেও দেশের যোগাযোগ ব্যবস্থায় যে আমূল পরিবর্তন ও উন্নয়ন হয়েছে, তা নিয়ে গণমাধ্যমে কোনো প্রশংসা নেই। সাংবাদিকতার নামে অনেকেই অপকর্ম করেন।

পোশাকশ্রমিকদের ছুটির দিন ঈদে সড়কে ভোগান্তি বাড়ে, এটি এড়াতে ধাপে ধাপে পোশাকশ্রমিকদের ছুটি দেওয়ার কথা বলা হলেও মালিকপক্ষ তা মানছেন না। এ বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, পোশাক কারখানা ছুটি দিলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে যায়। তখন যানজট বাড়ে। ঈদযাত্রায় গাজীপুর ও চন্দ্রায় বিশেষ মনোযোগ দিতে হবে। রাজধানীর হানিফ ফ্লাইওভার যানজটের আরেকটি বড় উৎস।

তিনি বলেন, বৃষ্টির সময় এসেছে, এখন কীসের খুঁড়াখুঁড়ি। ঢাকার দুই সিটিতে ঈদের সময় খুঁড়াখুঁড়ির কাজ কঠোরভাবে বন্ধ রাখতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া যেন কেউ আদায় করতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। এছাড়া ঈদের আগে-পরে মিলিয়ে সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য পদক্ষেপ নিতে জ্বালানি মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, ঢাকার বাস টার্মিনালগুলোর বাইরে যেন কোনো বাস দাঁড়িয়ে থাকতে না পারে, সে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো বাস যেন অতিরিক্ত ভাড়া আদায় না করে, সে বিষয়েও সবাইকে তৎপর থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, কুমিল্লা থেকে ৫০ মিনিটের মধ্যে ঢাকায় পৌঁছে যায়, কিন্তু ফ্লাইওভারে এক-দেড় ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়। সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্টরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ তিনি।

বিএইচ