দেশের সার্বিক উন্নয়নে নদী ভাঙন রোধের বিকল্প নেই: জাহিদ ফারুক
প্রতিনিধি আপডেট: ২০২৪-০৬-০২ ১৭:১৪:৩৫
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে নদী শাসন-প্রতিরক্ষা বাঁধ তৈরির মাধ্যমে ভাঙন রোধের কোনো বিকল্প নেই। কারণ ভাঙন রোধ করতে না পারলে আমাদের কৃষি উৎপাদন ক্রমশ কমে যাবে।
রোববার (২ জুন) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে ছোট-বড় ৪০৫ টি নদী আছে। কৃষি প্রধান এ এদেশের সার্বিক উন্নয়নে আমাদের নদীগুলোকে শাসন করতে হবে। প্রতিরক্ষা বাঁধ তৈরি করে নদী গুলোর পাশে যে সব গ্রাম আছে শহর আছে সেগুলোকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, পাশাপাশি ফুলছড়িবাসীকেও রক্ষা করতে হবে। এটা আমাদের দায়িত্ব। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যেই সরেজমিনে আপনাদের এলাকায় পরিদর্শনে এসেছি। আমি হেলিকপ্টারে এলাকাটি পরিদর্শন করেছি এবং বুঝতে পেরেছি এখান বাঁধ নির্মাণ খুব দরকার। আপনাদের দীর্ঘদিনের দাবি পূরণে প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম শেষে শীঘ্রই এখানে প্রতিরক্ষা বাঁধ তৈরি করা হবে।
সভায় বিশেষ অতিথ ছিলেন- গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.আ. ল. ম. বজলুর রশীদ, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসনসহ অনেকেই।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














