আগৈলঝাড়ায় ব্যবসায়ীর পরিবারকে অজ্ঞান করে সর্বস্ব লুট

প্রকাশ: ২০১৬-০৮-৩০ ১৯:০৪:৪৩


Agailjhara-Upazila-Map2-598x330-660x330সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা সোমবার দিবাগত গভীর রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠি গ্রামের ব্যবসায়ী অবণী সরকারের পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে।

অজ্ঞান অবস্থায় পরিবারের ৫ সদস্যকে উদ্ধার করে মঙ্গলবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার শিকার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যবসায়ী অবনী সরকার জানান, সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সদস্যরা সোমবার রাতের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। রাতে ওই খাবার খেয়ে তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরে। ওইদিন গভীর রাতে অজ্ঞান পার্টির সদস্যরা পেঁপে গাছ বেয়ে তার বসতঘরের দোতলায় উঠে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ১০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল ফোন ও মূল্যবান মালামালসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার সকালে ব্যবসায়ী’র ঘরের সদস্যরা ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ঘরের ভেতরে প্রবেশ করে ব্যবসায়ী অবনী সরকার (৫০), স্ত্রী নমিতা রানী (৪০), ছেলে ৯ম শ্রেণীর ছাত্র অসীম সরকার (১৫), ৭ম শ্রেণীর ছাত্র অরবিন্দু সরকার (১৩), বৃদ্ধ বাবা অতুল সরকার (৭০) কে অচেতন অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এ ধরণের কোন অভিযোগ আমরা এখনও পাইনি। তবে এখন বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি।

সানবিডি/ঢাকা/অপূর্ব/আহো