ভারতের এনডিএ জোটকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৪-০৬-০৫ ১৮:৫১:২৪
ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজয়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনডিএ জোটকে অভিনন্দন জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে।
তিনি বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। ভারতে সংকট হলে সরকারি দলের সঙ্গে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধী দল কোনও ভূমিকা রাখে না।
তিস্তা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে, রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে, পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ করব।
ভারতের নতুন সরকারের সাথে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। উভয় দেশের মধ্যে আন্তরিকতাপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, আশাকরি আগামীতেও তা অব্যাহত থাকবে।
হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। ভারতের সরকার, জনগণ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, ভারতের সেনাবাহিনী যেভাবে মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত ঝরিয়েছে, এর সঙ্গে অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। আর আমাদের বিদেশ নীতি হচ্ছে, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। ফলে এক দেশের সাথে সম্পর্ক অন্য দেশের সম্পর্কে প্রভাব ফেলে না।
দ্বিপক্ষীয় বিষয়গুলোতে আলোচনা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারিতে আমার ভারত সফরে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আরও কিছু বিষয়ে আলোচনার জন্য ভারতের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন ছিল। শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করতে পারেন। প্রধানমন্ত্রীর আসন্ন সফরে সেসব বিষয়ে আলোচনা হবে।
এবার ইনডিয়া জোট অনেক বেশি আসন নিয়ে বিরোধীদল হতে যাচ্ছে- সাংবাদিকদের এমন বিষয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে ভারতে বিরোধীদল সবসময় একটি ভালো ভূমিকা রাখে। এমনকি ভারতে বড় ধরনের যেকোনো সংকটে সরকারি ও বিরোধীদল একসঙ্গে ভূমিকা রাখে। আমাদের দেশের বিরোধীদলেরও উচিত ছিল ভূমিকা রাখার। কিন্তু সেটা তারা রাখে না।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














