১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড কিনবে সরকার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-৩১ ১৭:১৯:২৫


চট্টগ্রামের টিএসপিসিএল’র জন্য ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড কেনাসহ তিনটি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট ব্যয় হবে ১৭০ কোটি ৯৭ হাজার টাকা।

বুধবার (৩১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের টিএসপিসিএল‘র জন্য ১০ হাজার মেট্রিক টন (+৫%) ফসফরিক এসিড আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিএসপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক এসিড বিদেশ থেকে আমদানি করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে ১০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে দুটি দরপত্র জমা পড়ে। দরপত্রের দুটি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্ন, ঢাকা ১০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৬৬ কোটি ৬৯ লাখ টাকা। প্রতি মেট্রিক টন ফসফরিক এসিডের দাম পড়বে ৫৭০ মার্কিন ডলার।

সভায় ‘পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং’ প্রকল্পের আওতায় একটি হোপার ড্রেজার ও প্রয়োজনীয় স্পেয়ার স্পার্টস ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের লট-১ এর জন্য দরপত্র আহ্বান করা হলে মাত্র একটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে এবং তা কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ একমাত্র দরদাতা প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পণ্য সরবরাহ করবে। এতে ব্যয় হবে ৫৫৩ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৭১৯ টাকা।

সভায় ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ প্রকল্পের লট-১: সাপ্লাই, ইন্সটলেশন অ্যান্ড কমিশনিং অব এক্সপানশন অব এক্সিস্টিং নুটানিক্স প্রাইভেট লিমিটেড ক্লাউড প্ল্যাটফরম ইন ন্যাশনাল ডাটা সেন্টার অ্যাট বিসিসি’-এর ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের কাজ সম্পাদনের জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। তার মধ্যে একটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ৫১ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৫৮২ টাকা।

সভায় ‘ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ’ প্রকল্পের লট-২: সাপ্লাই, ইন্সটলেশন অ্যান্ড কমিশনিং অব এক্সপানশন অব এক্সিস্টিং প্রাইভেট ক্লাউড প্ল্যাটফরম (ডিসি অ্যান্ড ডিআর) ইন ন্যাশনাল ডাটা সেন্টার অ্যাট বিসিসি’র ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৫১ কোটি ৬৩ লাখ ৮৬ হাজার ২৯০ টাকা। যৌথভাবে ইএসএল এবং ইউসিসিএল, ঢাকা পণ্য সরবরাহ করবে।

এএ