সাবেক শিল্পমন্ত্রীর রিমান্ড আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৯-২৫ ১৬:০১:৪৫


নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় অভিযুক্ত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর শোয়া বারোটার দিকে নরসিংদী জেলা জজ কোটের মাধবদী আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে, দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে, ৫ দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। পরে, আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়৷

প্রসঙ্গত, গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলায় মাধবদীর শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন নিহত হয়। পরে, নিহতের বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ৯ আগস্ট তারিখ মাধবদী থানায় মামলা দায়ের করে৷ তারই পরিপ্রেক্ষিতে হত্যাকান্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়৷

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম বলেন, আসামীর বয়স ৭৮ এবং ওনি ঘটনাস্থলে ছিলেন না। তাছড়া ওনি অসুস্থ্য৷ এসব বিবেচনায় বাদীপক্ষের করা ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।

অপরদিকে, বাদীপক্ষের আইনজীবী এডভোকেট আবদুল কাদির টিটু বলেন, আমরা এই আদেশে অসন্তুষ্ট । এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন করবো।

বিএইচ