মামলাবাজি-চাঁদাবাজি এখনো বন্ধ করতে পারেনি সরকার: মান্না
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-১২-২৪ ১৪:১৭:২০
গত চার মাসে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কথার সামঞ্জস্য নেই। এছাড়া, মামলাবাজি-চাঁদাবাজিও বন্ধ করতে পারেনি।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর পুরানো পল্টনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতসহ জনদুর্ভোগ কমানোর দাবিতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে কথা বলেন মান্না।
সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে তিনি বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ কেন করা যাচ্ছে না।
অন্তর্বর্তীকালীন সরকার গত চার মাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সখ্যতা তৈরির চেষ্টা করেনি বলে দাবি করেন মান্না।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য একা একা হতে পারে না। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। সংস্কার নিয়ে, দেশের সংকট নিয়ে সরকার অন্যদের সঙ্গে কথা বলছে না, সমাধানের চেষ্টাও করছে না।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মান্না বলেন, ‘সরকারের কথা শুনে মনে হয় তারা স্বপ্নের কথা বলছে; কিন্তু জনগণ এখন দুঃস্বপ্ন দেখছে। আমরা আইন-শৃঙ্খলার উন্নতি দেখছি না। মামলাবাজি-চাঁদাবাজি চলছে, বন্ধ করতে পারেনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে। সরকারের সফলতার হার কম। আমরা হুঁশিয়ার করছি, এখনো সময় আছে, জনগণের স্বপ্ন ভঙ্গ করে সরকারকে ব্যর্থ করা যাবে না।’
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














