বর্তমান সরকারের উপদেষ্টারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না: নজরুল ইসলাম খান

আপডেট: ২০২৪-১২-২৬ ১৫:৪৮:৫৪


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকারের উপদেষ্টারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিষয়ে প্রতিপক্ষের মতো কথা বলছে। আমরা তাদের প্রতিপক্ষ মনে করি না। তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। যার সামর্থ্য কম, সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।

তিনি বলেন, আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতিই করে না। তাহলে প্রতিপক্ষ হবে কীভাবে। আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদ’ ২২ ডিসেম্বর ৮৪ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আজকে যারা সরকারে আছে তাদের দেশের জনগণ প্রতিষ্ঠা করেছে। তাদের কাছে আমাদের প্রত্যাশা কী? জনগণের কল্যাণে সমস্যার সমাধানের চেষ্টা করবেন। যারা দোষ করেছেন, অপরাধ করেছেন, খুন করেছেন, দুর্নীতি করেছেন তাদের বিচারের চেষ্টা করবেন। যতটা পারেন করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করেছি, সে গণতন্ত্রের জন্য ক্ষেত্রটা তৈরি করে একটি নির্বাচন দেবেন।

উপদেষ্টাদের উদ্দেশ্যে বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য বলেন, তাদের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সম্পর্কে কমেন্ট করার কী দরকার। তারা কি প্রতিপক্ষ হবে? যার সামর্থ্য কম, সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। মিথ্যা সমালোচনাকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, রুনেসার সম্পাদক মল্লিক মোকাম্মেল কবীর প্রমুখ।

এম জি