বহুজাতিক কোম্পানিকে তালিকাভু্ক্তির ব্যবস্থা নিতে বললেন বাণিজ্যমন্ত্রী
প্রকাশ: ২০১৬-১২-০১ ১৬:৪৮:২৪
পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির ব্যবস্থা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, আমি গতবার এই মেলায় এসেছিলাম। সেই সময় বলেছিলাম বহুজাতিক কোম্পানিকে বাজারে আনতে। আরও বলেছিলাম এক্সপোজার সমস্যার সমাধান করতে। এক্সপোজার সমস্যার সমাধান হয়েছে, তবে বহুজাতিক কোম্পানি বাজারে আসেনি। আমি বিএসইসি চেয়ারম্যানকে বলবো, বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আনার ব্যবস্থা করতে।
“তারা এদেশে ব্যবসা করবে, মুনাফা কুড়াবে, কিন্তু এদেশীয় বিনিয়োগকারীদের কিছুই দেবে না- এটা তো হবে না।”
মন্ত্রী বলেন, পুঁজিবাজার এখন স্থিতিশীল। তবে ২০১০ সালের পুঁজিবাজার ছিল অনাকাঙ্ক্ষিত। সে সময় অনেক বিনিয়োগকারী তাদের অর্থ হারিয়েছেন।
তিনি সব নিয়ন্ত্রক সংস্থাকে উদ্দেশ্য করে বলেন, বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার দিকে খেয়াল রাখবেন আপনারা। পুঁজিবাজারকে স্থিতিশীল রেখেই দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া হবে।
অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি আহমেদ রশীদ লালী, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশের সভাপতি ছায়েদুর রহমান প্রমুখ।
শেয়ারবাজারের নতুন ব্র্যান্ডিং আর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই বাজারের সব স্টেকহোল্ডারকে নিয়ে বর্ণাঢ্য এই মেলার আয়োজন করেছে দেশের প্রথম অনলাইন বিজনেস নিউজপোর্টাল অর্থসূচক ডটকম। দ্বিতীয়বারের মতো আয়োজিত ৩ দিনের এ মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকেট লাগবে না। এছাড়া প্রবেশে কুপনের র্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













