বাংলাদেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেয়া হবে না: জামায়াত আমীর
আপডেট: ২০২৫-০১-০৩ ১৪:৩৩:১৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু চাই না-এই বন্ধুত্ব হতে হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে এটা হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। কাউকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে দেয়া হবে না।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের; তবে এটার জন্য আমাদের লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হবো। সাম্যের বাংলাদেশ গঠনে জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শ চায়, চায় ইতিবাচক সমালোচনা।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে নারী-পুরুষ নির্বিশেষে কাজ করবে। নারীকে কখনো নারী বলে কাজের বাইরে রাখা হবে না। নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন শিক্ষাজীবন শেষে একটা চাকরির জন্য কোনো মামা-খালুর পেছনে দৌড়াতে না হয়। শিক্ষাজীবন শেষে হওয়ার আগে কাজই আমাদের সন্তানদের কাছে পৌঁছে যাবে। এ দায়িত্ব পালন করবে জামায়াতে ইসলামী। আমরা এমন শিক্ষা চাই যেন আমাদের সন্তানদের মনে মমত্ববোধ, দেশাত্মবোধ ও মানবীয় গুণাবলীতে অনন্য হয়ে ওঠে। আমরা চাই তারা যেন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।
নাটোর প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, নাটোর জেলা কোনো অপরাধ করেনি। তারপরও এখানে কোনো মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট নেই। আমরা বর্তমান সরকারের কাছে দাবী জানাচ্ছি অন্তত একটি প্রতিষ্ঠান নাটোরে গড়ে তুলে এ বঞ্চনার ইতি টানা হোক। আর ভবিষ্যতে মানুষের ভালোবাসায় জামায়াত ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোনো দাবী পাঠাতে হবে না, আমি নিজেই এসব দাবী করে গেলাম।
জেলা জামায়াত আমীর ড.মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন প্রমুখ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














