বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত কারাগারে
সানবিডি২৪ আপডেট: ২০২৫-০২-০৫ ১৮:০০:৪৭
দুদকের মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এ দিন আদালত নির্ধারিত সময়ের মধ্যে ওকালতনামা দাখিল না হওয়ায় রিমান্ড শুনানির জন্য আগামীকাল সময় নির্ধারণ করেন।
গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুয়া বাড়িভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ নেন। এছাড়া ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রফতানি না করে প্রতারণা ও জাল জালিয়াতির আশ্রয় নেন। ব্যাংক কর্মকর্তারা কাস্টমার ডিউ ডিলিজেন্স অনুসরণ না করে, পণ্য রফতানির বিপরীতে কোনরূপ রেকর্ডপত্র না পেয়েও কর্তব্য অবহেলা ও পরস্পর যোগসাজশে নিজের বা অন্য কারও অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তিন লাখ ৬১ হাজার ইউএস ডলার টাকা বাংলাদেশে নিয়ে এসেছেন। এর মধ্যে তিনি এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকা নিজে গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত ২০২০ সালের ১৭ প্রথমবারের মতো বিএসইসির চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর গতবছরের ১৬ মে পুনর্নিয়োগ পান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শিবলী রুবাইয়াত। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে ফিরে যান। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৯ অক্টোবর শিবলী রুবাইয়াতের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। এরপর গত ৩০ জানুয়ারি তার পাসপোর্ট বাতিল করে সরকার।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













