কুখ্যাত ‘কবজি কাটা’ আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব
আপডেট: ২০২৫-০২-১৮ ০৮:৩৮:৩৪
রাজধানীর মোহাম্মদপুরবাসীর কাছে ভয়াবহ এক আতঙ্কের নাম ‘কবজি কাটা’ গ্রুপ। এ গ্রুপের নেতৃত্ব দেন মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার। যেকোনো সময় তিনি ও তার লোকজন চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। কেটে নেন হাতের কবজি। এরপর সেই কবজি দিয়ে উল্লাস করেন, কখনো কখনো টিকটক ভিডিও বানান।
বহুল আলোচিত অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি সেই মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ারকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার ২ সহযোগীকেও গ্রেফতার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-২।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।
এ ব্যাপারে তিনি বলেন, অসংখ্য চাঞ্চল্যকর হত্যা, হত্যাচেষ্টা, ছিনতাই ও চাঁদাবাজি মামলার আসামি মো. আনোয়ার ওরফে শুটার আনোয়ার ওরফে কবজি কাটা আনোয়ার ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
এর আগে মোহাম্মদপুর থেকে যৌথবাহিনীর অভিযানে কবজি কাটা গ্রুপের একাধিক সদস্য গ্রেফতার হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













