শীতলক্ষ্যায় নৌকা ডুবির ঘটনায় নিহত ৫

প্রকাশ: ২০১৬-১২-৩১ ১৫:১০:৩৪


shitalokshগাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন তারাগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নদী পারাপারের নৌকায় করে কাপাসিয়ার তারাগঞ্জে একটি অনুষ্ঠানে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। সকালে থেকে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুনরায় তল্লাশি শুরু করেছে।
পুলিশ জানায়, কাপাসিয়ার তারাগঞ্জে তাজউদ্দিন ময়েজউদ্দিন স্মৃতি সংসদ পক্ষকালব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে ঢাকা থেকে নামীদামী শিল্পীদের অংশগ্রহণের কথা ছিল। এতে যোগদানের জন্য একটি নৌকায় করে নারী শিশুসহ ২০/২১ জন যাত্রী পারাতলা থেকে সন্ধ্যায় তারাগঞ্জ বাজার খেয়াঘাটে আসছিল। এসময় মাঝ নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে।
এ সময় অধিকাংশ যাত্রী সাতরে তীরে উঠতে পারলেও ৫/৬ জন নিখোঁজ হয়। স্থানীয়রা চেষ্টা করে তিনজনের এবং রাতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আরো দুইটি লাশ উদ্ধার করে। নিহতরা হলো, আতিক, তাজিম, কাইয়ুম, আসুমিয়া ও কোহিনুর। তারা শিবপুর এলাকার বাসিন্দা। লাশগুলো রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আখতারুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।