চলতি বছর জাতীয় নির্বাচন সম্ভব না: রয়টার্সকে নাহিদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৬ ১৯:৩৩:৩৮
বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে এই বছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে আমরা আশা করেছিলাম যে পুলিশিং ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে তা যথেষ্ট নয়। বর্তমান পরিস্থিতিতে একটি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব বলে আমি মনে করি না।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা। এই সনদ তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করছে।
তিনি আরও বলেন, যদি আগামী এক মাসের মধ্যে আমরা এই সনদ নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা দ্রুত নির্বাচনের ডাক দিতে পারবো। তবে, যদি আরও সময় লাগে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত।
উল্লেখ্য, এই ঘোষণাপত্রে ২০২৩ সালের গণ-আন্দোলনে নিহত প্রায় ১ হাজার মানুষের আত্মত্যাগকে স্বীকৃতি দেওয়া হবে, যা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার।
নাহিদ ইসলাম আরও জানিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন ধনী ব্যক্তি এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। শিগগিরই দলটি নতুন অফিস তৈরির জন্য ক্রাউডফান্ডিং ও নির্বাচনী কার্যক্রমের জন্য একটি তহবিল গঠনের পরিকল্পনা করছে।
সূত্র: রয়টার্স






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














