চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৩-০৭ ২০:০৫:২০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে প্রতিহত করতে হবে। যদি কোনো বিএনপির নেতা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন।
শুক্রবার (৭ মার্চ) রাজধানীর খিলগাও চৌরাস্তা জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিলো। সম্মেলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। এখন চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।
মির্জা আব্বাস বলেন, বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছেন। সিদ্ধান্ত নিতে পারছেন না। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ ও দখলবাজের অবস্থান নেই।
তিনি বলেন, অনেকে ভূয়া পরিচয় দিয়ে, বিএনপি নেতা দাবি করে অনৈতিক কাজ করছেন। আমি স্পষ্ট করে বলতে চাই, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। বরং পুলিশ যদি কারও অনুরোধে কোনো চাঁদাবাজকে ছেড়ে দেয়, আমি সে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উচ্চ মহলে সুপারিশ করবো।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














