ধর্ষণের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৩-২০ ১৯:১১:৩১


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শহীদ পরিবারের সদস্য হিসেবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসেবেই ধর্ষণের বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে বিচার করতে হবে। এই নৃশংস ঘটনার দ্রুত বিচার হওয়া দরকার।

বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ষণের শিকার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের কন্যা ও তার পরিবারের খোঁজ নিতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি। প্রশাসনের প্রতি আহ্বান জানাই, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, এরইমধ্যে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন। আমরা চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপর আসামিকেও গ্রেপ্তার করবে আইনশৃঙ্খলা বাহিনী।

এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব জাহিদ আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পর এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তরা হলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সিকে পুলিশ গ্রেপ্তার করলেও পলাতক রয়েছেন সিফাত মুন্সি।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন মেয়েটি তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে নলদোয়ানী এলাকা থেকে সাকিব ও সিফাত তাকে অনুসরণ করতে থাকেন। একপর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান। সেখানে তারা ধর্ষণ করেন এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

বিএইচ