বরগুনায় সড়কে মোটরসাইকেল আরোহী আপন ৩ ভাই নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৫-০৩-২৯ ১২:২৪:২১


বরগুনার পাথরঘাটায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আপন ৩ ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সোনারবাংলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন সহোদর হলেন, মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া গ্রামের মো. নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ (২২), মো. শান্ত (১৪) ও মো. নাদিম (৮)। তারা মঠবাড়িয়ার পাথরঘাটায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহন সঙ্গে মঠবাড়িয়া থেকে পাথরঘাটাগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

পাথরঘাটায় থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। এ ঘটনায় পাথরঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।

এনজে