আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আপডেট: ২০২৫-০৪-০৩ ০৯:২৪:৪৪
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সঙ্কট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এ কথা জানান।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আগামীকাল সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে’।
ড. খলিলুর রহমান জানান, বিমসটেক সম্মেলন ২০২৫ সাতটি প্রধান আঞ্চলিক সহযোগিতা স্তম্ভের উপর গুরুত্ব দেবে: ১. বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন ২. পরিবেশ ও জলবায়ু পরিবর্তন ৩. নিরাপত্তা ৪. কৃষি ও খাদ্য নিরাপত্তা; ৫. জনগণের মধ্যে সংযোগ ৬. বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ৭. কানেক্টিভিটি।
খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
হাই রিপ্রেজেন্টেটিভ আরও জানান, অধ্যাপক ইউনূস সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।
আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














