খুলনায় বাটা-কেএফসিতে ভাঙচুরের ঘটনায় ৩১ জন আটক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-০৮ ০৯:৪৯:৫০


খুলনায় বাটার শো রুম এবং কেএফসি নামের রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব। তিনি বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য,সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এনজে