জুলাই আন্দোলনে গুলি: সহকারী কমিশনার সাইফুল গ্রেফতার

আপডেট: ২০২৫-০৪-১৪ ১৯:৪৮:৩১


জুলাই গণহত্যায় নরসিংদীতে গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের মামলায় প্রথম কোনো বিসিএস কর্মকর্তাকে গ্রেপ্তার করা হলো।

ইতোমধ্যে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়াও একই মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে শহিদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূইয়া। পুলিশের গুলিতে তাহমিদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ হয়ে ওঠে সাধারণ মানুষ। পরে লাশ নিয়ে মিছিল করতে গলে আবারও গুলি ছোড়া হয়। এতে আরও একজন নিহত হন। জুলাই আন্দোলনে শুধু এই জেলাতেই শহিদ হয়েছেন প্রায় ২০ জন। পাশাপাশি হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জুলাই গণহত্যায় এখন পর্যন্ত ২২ মামলায় ১৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। এরমধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র ৫৪ জন। যাদের অধিকাংশই পুলিশ সদস্য। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের জানিয়েছেন, তদন্ত রিপোর্টে বিভিন্ন পেশার আসামিদের চিত্র উঠে আসবে।

বিএইচ