খালেদার গাড়িবহরে হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

আপডেট: ২০২৫-০৪-১৫ ১০:৩৮:৪৩


বহুল আলোচিত রাজধানীর কারওয়ান বাজারে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সায়মন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।

এ সময় তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকা থেকে অভিযুক্ত সায়মনকে গ্রেফতার করা হয়। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় তেজগাঁও এলাকার স্থানীয় এ আওয়ামী লীগ নেতাকে মঙ্গলবার আদালতের সোপর্দ করা হবে।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টা মামলায় গত ৬ এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।

২০১৫ সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে এ হামলার ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় তার গাড়িবহরে হামলা করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন।

এ ঘটনার ১০ বছর পর ২০২৪ সালের ২২ আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

এনজে