পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২১ ১৫:৫৪:৩০


পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোকাহত।

প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ও ডেপুটি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার আসন্ন চারদিনের কাতার সফর ও প্রধান উপদেষ্টার কাছে শ্রমবিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি।

২০১৩ সালের ১৩ মার্চ ভ্যাটিকানের ২৬৬তম পোপ নির্বাচিত হন ফ্রান্সিস। রোমের বিশপ হিসেবে তিনি বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চ এবং সার্বভৌম ভ্যাটিকান সিটির প্রধান ছিলেন।

পোপ ফ্রান্সিসের জন্ম ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে। ক্যাথলিক পুরোহিত হিসেবে তার অভিষেক হয় ১৯৬৯ সালে। পুরো আমেরিকা অঞ্চল এবং দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত প্রথম পোপ তিনি।

২০১৭ সালে বাংলাদেশেও এসেছিলেন পোপ ফ্রান্সিস। সে সময় মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ওপর সহমর্মিতা জানান তিনি।

বিএইচ