‘বর্ষার আগেই মশার উৎসস্থলে অভিযান চালানো হবে’

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৫ ১৬:৪১:১৮


বর্ষার আগেই মশার উৎসস্থলে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি অঞ্চলে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার রবীন্দ্র সরোবরে ‘৮০০ জন মশক ও পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মো. শাহজাহান মিয়া বলেন, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে ৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন সেখানে বলা হয়েছিল ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয় বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকলো। আমরা ঢাকার সবুজ ফিরিয়ে আনতে এ বছর বর্ষার শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করব।

নাগরিকদের দায়িত্বের কথা জানিয়ে প্রশাসক বলেন, নাগরিকদের গাছের টবে ও আঙিনায় যেন পানি না জমে। আপনারা আপনাদের বাড়িঘর পরিষ্কার রাখেন। ডোবা, নালা ও নর্দমা আমরা (সিটি করপোরেশন) পরিষ্কার রাখবো। সম্মিলিতভাবে আমরা সবাই কাজটি করলে সুন্দর নগরী তৈরি করতে পারব।

বিভিন্ন বাসাবাড়ি, অফিসে ও নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হবে কি না, জানতে চাইলে ঢাকা দক্ষিণের প্রশাসক বলেন, গতকাল (বৃহস্পতিবার) অভিযান পরিচালনার জন্য ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট পেলেই আমরা এই অভিযান কার্যক্রম পুরোদমে শুরু করব। অভিযান পরিচালনা করার জন্য আঞ্চলিক কর্মকর্তাদের চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে ।

পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমানসহ সব বিভাগীয় প্রধান এবং ধানমন্ডি সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এম জি