নকশাবহির্ভূত সব রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল
আপডেট: ২০২৫-০৪-২৮ ২১:৪৫:৩৯
নকশাবহির্ভূত যেসব ভবনের ছাদে রেস্টুরেন্ট-রুফটপ গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৮ এপ্রিল) ডিএসসিসি থেকে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কতিপয় আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজউক থেকে অনুমোদিত নকশার রেস্টুরেন্ট না থাকলেও বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্টুরেন্ট পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
বিধি বহির্ভূতভাবে রেস্টুরেন্ট পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় সম্পদ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান অনৈতিক উপায়ে করপোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অবস্থায় সম্পদ ও জানমালের ক্ষতির ঝুঁকি এড়াতে নকশাবহির্ভূত সব রেস্টুরেন্ট এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














