যুবদল কর্মীকে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৪-২৯ ০৯:২১:৫৭
নোয়াখালীর বেগমগঞ্জে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মো. শাকিল (২৮) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এছাড়া নিহতের ছোট ভাই শুভকে (২৫) কুপিয়ে জখম করা হয়।
ছয়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঙ্গাবর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত যুবদল কর্মী মো. শাকিল ওই এলাকার মো. সোলাইমান খোকনের ছেলে। তিনি পেশায় একজন থাই মিস্ত্রি ছিলেন।
এবিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় পাঁচ অস্ত্রধারী লাবিব নামে এক যুবককে অপহরণের চেষ্টা করে। এসময় পাশের দোকানে চা-পানরত শাকিল, শুভসহ অন্যরা এগিয়ে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায় ও কোপাতে থাকে।
এতে শাকিল গুলিবিদ্ধ ও শুভ ছুরির কোপে আহত হন। স্থানীয়রা তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাকিলকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকাবাসী ঘেরাও করে অপহরণ ও হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয়। তাদেরও গুরুতর অবস্থায় উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আটক অভিযুক্তরা হলেন, বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের মোরশেদ আলম (২৪), জীবন (২৪) ও মনির (২২)।
বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের হাসপাতালে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













