নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল গ্রেফতার
আপডেট: ২০২৫-০৫-০২ ১০:১০:৫০
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। তাকে জুলাই গণ-অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১ মে) বিকালে উপজেলার লক্ষ্মীপাশা ডাক বাংলোর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে ছিলেন।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মীরা। গত বছরের ১৬ সেপ্টেম্বর, ১৩ নভেম্বর ও ৯ ডিসেম্বর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের হয় লোহাগড়া থানায়।
এ বিষয়ে ওসি মো. আশিকুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকালে অভিযান চালিয়ে মিমকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













