দুই মাসের মধ্যে কৃষিজমি সুরক্ষা আইন পাস হবে: রিজওয়ানা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৫ ১৬:১৯:৩১


অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী দুই মাসের মধ্যেই কৃষিজমি সুরক্ষা আইন পাস করতে পারবো। সেখানে কৃষকের সুরক্ষার কথাও থাকবে। কৃষক সুরক্ষায়ও স্পষ্ট নীতিমালা প্রণয়নে কৃষি মন্ত্রণালয় কাজ করছে।

সোমবার (৫ মে) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ-প্রকৃতি সম্মেলন-২০২৫’র দ্বিতীয় অধিবেশনে তিনি এসব কথা বলেন। দৈনিক বণিক বার্তা আয়োজিত এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনটির শিরোনাম ছিল ‘কৃষি উৎপাদন ও প্রাণ-প্রকৃতি’।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, রাষ্ট্রের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পরিবেশ, জনগণ ও কৃষির নিরাপত্তা দেওয়া। আবার উন্নয়ন করতে গেলে পরিবেশের ক্ষতি হয়। আমাদের এসব ‘যদি কিন্তু’ থেকে বেরিয়ে আসতে হবে। এটি শুধু রাষ্ট্রের দায় নয়, ব্যক্তি খাতকেও এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের টেবিলে শুধু অনেক পরিমাণে খাদ্য পৌঁছালেই হবে না, সেটার মান নিয়েও ভাবতে হবে। ঢাকা শহরের মানুষকে পানি খাওয়ার জন্য মেঘনা নদীতে যেতে হচ্ছে। ওখানে আবার বালু ও সিমেন্ট কারখানা থাকায় আলাদা করে টাস্কফোর্স করতে হচ্ছে। আমাদের এসব বিষয় নিয়ে ভাবতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, এক ফসলি জমি নিয়ে অনেক কথা হয়। বাস্তবে এক ফসলি জমি খুবই কম। বেশিরভাগ জমি দুই-তিন ফসলি। আধুনিক কৃষির নামে অনেককিছু এ দেশে নিয়ে আসা হচ্ছে, যা অন্য দেশগুলোতে অনুমোদন দেওয়া হয়নি। কৃষিজমি কিংবা কৃষকের স্বার্থকে বাদ দিয়ে কৃষির কথা বলা যাবে না। আরও বেশি উৎপাদন ও মুনাফার লোভে অপরীক্ষিত কিছু যেন আমরা ব্যবহার না করি।

চলতি মাসেই টাঙ্গাইলের মধুপুর শালবনে ১৫০ একর জমিতে ইউক্যালিপটাস বাদ দিয়ে শাল গাছ লাগানো শুরু হবে বলে জানান এ উপদেষ্টা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন অর্থনীতিবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ। এছাড়া এতে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি খুশী কবীর ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল ইসলাম।

বিএইচ