খালেদাকে শুভেচ্ছা জানাতে ট্রেনযোগে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৫-০৬ ০৯:০০:৩০


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ দেশে ফিরছেন । বিশেষ রাজকীয় বিমানে (অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এদিকে. প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। সড়কপথের ভোগান্তি এড়াতে দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রেনযোগে প্রিয় নেত্রীকে শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে।

ঢাকা অভিমুখে প্রায় প্রতিটি ট্রেনেই কমবেশি আছেন বিএনপি নেতাকর্মীরা। অধিকাংশই নামছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে।

প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ভোর হতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। তাদের কারো হাতে রয়েছে প্লেকার্ড সম্বলিত শুভেচ্ছা বার্তা, দলীয় পতাকা এবং ব্যানার। বিমানবন্দরের সামনের সড়ক সকাল ৮টার আগেই নেতাকর্মীদের পদচারণায় ভরে উঠে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সব প্রস্তুতি সম্পন্ন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় কাতার রয়েল অ্যাম্বুলেন্সের বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। আমরা আশা করছি, তিনি সময়মতো পৌঁছাবেন।

এনজে