মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি গ্রেপ্তার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৭ ১৫:৫৯:৫০
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত অন্যান্যরা হলেন- ৩৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম মো. মাহবুব আলম (৫৩), কোতোয়ালি থানা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাগর (৩২) ও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক তানজিম রহমান আকাশ দেওয়ান (৩২) ।
ডিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ মে) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ইসমত আরা হ্যাপিকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-লালবাগ বিভাগের একটি দল কোতোয়ালি এলাকা থেকে আজিম মো. মাহবুব আলমকে গ্রেপ্তার করে।
এ ছাড়া কোতোয়ালি থানার ইসলামপুর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। একইদিনে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তানজিম রহমান আকাশ দেওয়ানকে গ্রেপ্তার করে।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা এবং রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো অপচেষ্টায় লিপ্ত ছিলেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানায় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













